ঠাকুরগাঁওয়ে সহিংসতা: ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর, ৭ লাখ টাকার ক্ষতি

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২০ March ২০২৬, ১২:২১ PM | পঠিত: ৯ বার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে মেসার্স হানিফ ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটে।
পাম্প কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জ্বালানি নেওয়ার জন্য পাম্পের সামনে ৭০০ থেকে ৮০০ মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল। এ সময় সিরিয়াল আগে-পরে হওয়াকে কেন্দ্র করে আরোহীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
এর কিছুক্ষণ পরই ৪০-৫০ জনের একটি সশস্ত্র দল লোহার রড ও বাঁশ নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা পাম্পের পেট্রল ডিসপেন্সিং মেশিন, ক্যাশ কাউন্টারের থাই গ্লাস এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে।
হামলার সময় বাধা দিতে গেলে একজনকে মারধর করা হয়। প্রায় ১০-১২ মিনিট ধরে চলা এ তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাম্পের ক্যাশিয়ার মো. রইছ উদ্দিন বলেন, হামলাকারীরা ক্যাশ কাউন্টার ভাঙার পর তাদের দিকে তেড়ে আসে। প্রাণ বাঁচাতে তিনি পেছনের দরজা বন্ধ করে ভেতরে আশ্রয় নেন।
পাম্পের ম্যানেজার মো. আব্দুল হালিম জানান, হামলায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তবে শুক্রবার সকাল ৮টা থেকে পুনরায় জ্বালানি সরবরাহ চালু করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ এর ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান। এখন পর্যন্ত কাউকে আটক বা মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।