চিকিৎসক সংকটে গাংনী হাসপাতালে অপারেশন বন্ধ, ৪ বছরে মাত্র ১টি সিজার
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:
চিকিৎসক সংকটের কারণে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে প্রসূতি অস্ত্রোপচার (সিজার) বন্ধ রয়েছে। গত চার বছরে মাত্র একজন অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার করা হয়েছে। এরপর থেকে অ্যানেসথেটিস্ট ও সার্জনের অভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে আছে অপারেশন সেবা।
এতে বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে স্থানীয়দের। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও চিকিৎসকের অভাবে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। দীর্ঘদিন ব্যবহারের অভাবে যন্ত্রপাতিতে ধুলা জমে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শুধু অপারেশনই নয়, হাসপাতালের এক্স-রে মেশিনও দীর্ঘদিন ধরে অচল রয়েছে। ফলে রোগীদের বাইরে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে।
১৯৬৩ সালে ৩১ শয্যা নিয়ে প্রতিষ্ঠিত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৬ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয় এবং ২০১৭ সালে নতুন ভবনে কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসাসেবা দিতে গিয়ে জনবল সংকটে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
হাসপাতালে মোট ১১৭টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৭০ জন। চিকিৎসকের ৩১টি পদের মধ্যে কর্মরত আছেন ১৮ জন। শূন্য রয়েছে ১১টি পদ। ওয়ার্ড বয়ের তিনটি পদের মধ্যে রয়েছে মাত্র একজন।
স্থানীয় বাসিন্দা মাহবুব তানিম বলেন, “সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও এখানে কোনো অপারেশন হয় না। এক্স-রে মেশিনও বন্ধ। অল্প খরচে চিকিৎসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি আমরা।”
আরেক ভুক্তভোগী আব্দুল বারী জানান, “পা ভাঙার পর হাসপাতালে যেতে চেয়েছিলাম, কিন্তু এক্স-রে বন্ধ থাকায় বাইরে গিয়ে করতে হয়েছে।”
হাসপাতালের ল্যাব ইনচার্জ মাহাবুল হক বলেন, “এক্স-রে মেশিন দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ বলেন, “অ্যানেসথেটিস্ট ও সার্জারি চিকিৎসক না থাকায় অপারেশন চালু রাখা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে দ্রুত সেবা চালু করা হবে।”
এ বিষয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা বলেন, “চিকিৎসক সংকটের কারণে অপারেশন ও এক্স-রে সেবা বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”
