কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষ: নিহত ১২, আহত বহু
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয় এবং বাসটি ইঞ্জিনের সঙ্গে আটকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেন। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) জনি বড়ুয়া জানান, নিহতদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলে এবং বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়, পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৯ জনের মৃত্যু হয়।
এ দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
