মাদকের বিষয়ে থানায় কোনো তদবির নয়, কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী রাজিব আহসানের
নিজস্ব প্রতিবেদক :
মাদক সংক্রান্ত কোনো ঘটনায় থানায় গিয়ে তদবির বা সুপারিশ না করার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, তার জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না।
শুক্রবার মেহেন্দীগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া সব উন্নয়ন প্রতিশ্রুতি পাঁচ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে। পাশাপাশি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
এ সময় তিনি আরও বলেন, স্টিমারঘাট থেকে পাতারহাট খাল মেহেন্দীগঞ্জের লাইফলাইন হলেও অনেকেই অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। দখলদারদের দ্রুত জায়গা ছেড়ে দেওয়ারও নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন।
