বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ, কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা

HURMAT ALI বাংলাদেশ
প্রকাশ: ০৫ March ২০২৬, ০২:১০ PM | পঠিত: ৪৬ বার

নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দেশের পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সম্প্রতি দায়িত্ব নেওয়ায় পাট খাতের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় পাটশিল্পের প্রতিবন্ধকতা দূর করে বন্ধ পাটকল চালু ও কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে কাজ চলছে।
তিনি জানান, বর্তমানে কিছু পাটকল ইজারার মাধ্যমে চালু করা হয়েছে এবং আরও কয়েকটি মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ইজারাকৃত ৯টি পাটকলে প্রায় ৭ হাজার ২০০ শ্রমিক কাজ করছেন।
প্রতিমন্ত্রী বলেন, পাটশিল্পের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিজেএমসির অধীন পাটকলগুলো দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে ৪১৮ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে কাঁচা পাট রপ্তানির কারণে দেশীয় পাটশিল্প কাঁচামালের সংকটে পড়ছে। এ কারণে সরকার কাঁচা পাট রপ্তানি নিরুৎসাহিত করে পাটজাত ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে গুরুত্ব দিতে চায়। এজন্য ফিনিশড পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচিতে পাটের ব্যাগ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জাতীয় পাট দিবস উপলক্ষে আগামী ৬ থেকে ১৪ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৯ দিনব্যাপী পাট ও পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে। এতে উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।