ঈদের আগেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ নিশ্চিতের ঘোষণা-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৮ February ২০২৬, ১০:৫০ PM | পঠিত: ১৩ বার

নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতরের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের সব বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করা হবে।
কর বাড়ানো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সৃষ্ট বিভ্রান্তি দূর করে তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে কর বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। বর্তমানে এ অনুপাত তুলনামূলক কম থাকায় উন্নয়ন ব্যয়ে চাপ তৈরি হচ্ছে।
রমজান মাসে বাজার পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী জানান, শুরুতে লেবুসহ কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও প্রশাসনের কঠোর তদারকির ফলে বাজার এখন স্থিতিশীল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এলডিজি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও এ ধরনের চুক্তি করার পরিকল্পনা রয়েছে। এতে রপ্তানি খাত সম্প্রসারণ ও শিল্পায়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সভায় প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধধুরী এ্যানি নিজ নিজ মন্ত্রণালয়ের অগ্রাধিকারমূলক কার্যক্রম তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।