ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: জে ডি ভ্যান্স
ডেস্ক রিপোর্ট
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। সম্প্রতি Fox News-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য কোনো দীর্ঘ সংঘাতে জড়ানো নয়; বরং ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই ওয়াশিংটনের প্রধান অগ্রাধিকার।
ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে চান—ইরানকে সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে। তাঁর ভাষায়, কেবল কয়েক বছরের জন্য চাপ সৃষ্টি নয়, বরং এমন পরিস্থিতি নিশ্চিত করা দরকার যাতে ইরান ভবিষ্যতেও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।
তিনি আরও বলেন, ইরাক ও আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই নতুন করে বহু বছরের সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা নেই।
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ভ্যান্স অভিযোগ করেন, তেহরান বেসামরিক ব্যবহারের কথা বললেও তাদের বেশ কিছু স্থাপনা মূলত অস্ত্র উন্নয়নের লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: BBC
