২৫ মার্চের গণহত্যা জাতি কখনো ভুলবে না: জি এম কাদের

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৫ March ২০২৬, ০৪:১০ PM | পঠিত: ৩৭ বার

নিজস্ব প্রতিবেদক :
১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে সংঘটিত নির্মম গণহত্যার ঘটনা বাংলাদেশের জনগণ কোনোদিন ভুলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার (২৪ মার্চ) ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ইতিহাসের বর্বরতম দিনগুলোর একটি। শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর দেশজুড়ে আন্দোলন তীব্র হয়ে ওঠে।
তিনি আরও বলেন, ওই সময় অসহযোগ আন্দোলন চলাকালে স্বৈরশাসক ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন এবং রাতেই পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালায়। এতে ছাত্র, শিক্ষক, পুলিশ, সেনাসদস্যসহ হাজার হাজার মানুষ শহীদ হন।
জি এম কাদের বলেন, ২৫ মার্চের গণহত্যা এবং পরবর্তী মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।
তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার গুরুত্ব তুলে ধরে বলেন, আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বকীয়তা রক্ষার জন্য বাঙালির এই সংগ্রামের ইতিহাস জানা অত্যন্ত জরুরি।
বিবৃতিতে তিনি আরও বলেন, যারা ২৫ মার্চের গণহত্যা ও স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করে, তারা হানাদার বাহিনীর দোসর—এ দেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না।
শেষে তিনি সবার প্রতি আহ্বান জানান, ২৫ মার্চের নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞা নেওয়ার জন্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।