স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন হানিফ সংকেত, অভিনন্দনে ভাসছেন সামাজিক মাধ্যমে

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৮ March ২০২৬, ০৯:৫১ PM | পঠিত: ১৭ বার

নিজস্ব প্রতিবেদক :
দেশের জনপ্রিয় সঞ্চালক, নির্মাতা ও লেখক একেএম হানিফ সংকেত এবার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার-২০২৬ (স্বাধীনতা পদক) পেতে যাচ্ছেন। সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানে ভূষিত করার ঘোষণা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১৫ বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে হানিফ সংকেতের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত, শুভানুধ্যায়ী এবং সংস্কৃতি অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। দেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎও প্রিয় বন্ধুর এমন অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “বন্ধু, তোর ‘স্বাধীনতা পদক’ প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইল অনেক ভালোবাসা আর শুভকামনা।”
দীর্ঘ কয়েক দশক ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ উপস্থাপনা ও নির্মাণের মাধ্যমে হানিফ সংকেত সমাজ সচেতনতা, ইতিবাচক মূল্যবোধ এবং সুস্থধারার বিনোদন তুলে ধরেছেন। তার এই অনুষ্ঠান শুধু বিনোদনই দেয়নি, বরং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ কারণেই দেশের সংস্কৃতি অঙ্গনে তিনি এক অনন্য স্থান করে নিয়েছেন।
স্বাধীনতা পুরস্কারে মনোনীত হওয়ায় নিজের অনুভূতিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন হানিফ সংকেত। এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছে। এই অর্জন আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় আমার এই দীর্ঘ সাংস্কৃতিক যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার।”
রাষ্ট্রীয় এই স্বীকৃতির খবরে দেশজুড়ে ভক্ত-দর্শকদের মাঝেও দেখা দিয়েছে আনন্দের জোয়ার। অনেকে মনে করছেন, দীর্ঘদিন ধরে সংস্কৃতি ও সমাজ সচেতনতায় অবদান রাখার যথার্থ স্বীকৃতিই পেলেন হানিফ সংকেত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।