পিলখানা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক:
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদরদপ্তর পিলখানায় সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পিলখানার মর্মান্তিক হত্যাকাণ্ড দেশের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। নাগরিক হিসেবে এ ঘটনার প্রকৃত সত্য ও প্রেক্ষাপট সবার উপলব্ধিতে থাকা জরুরি। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন আরও স্পষ্ট ও বোধগম্য।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঘটনার পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল। তবে সত্য একসময় প্রকাশিত হয়। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, “দেশ ও জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো—এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।”
