লড়াই করেও শেষ রক্ষা হলো না, শিরোপা ভারতের হাতে

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২২ February ২০২৬, ০৮:৪৫ PM | পঠিত: ২৯ বার

গাজী তুষার আহমেদ

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্টে র ফাইনালে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। ব্যাংককে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৬ রানে হেরে রানার্সআপ হয় ফাহিমা খাতুনের দল।
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে ভারত। দলের হয়ে উজ্জ্বল ছিলেন তেজাল হাসাবনিস। ৩৪ বলে অপরাজিত ৫১ রানের ঝকঝকে ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। অধিনায়ক রাধা যাদব করেন ৩৬ রান, দীনেশ ব্রিন্দার ব্যাট থেকে আসে ১৯ রান। বাকিদের বড় ইনিংস খেলতে দেননি বাংলাদেশের বোলাররা। অধিনায়ক ফাহিমা খাতুন ২৫ রান খরচায় ৪ উইকেট শিকার করে দলকে লড়াইয়ে রাখেন।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তুলে জয়ের আশা জাগায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু এরপরই ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। শেষ পর্যন্ত ৫ বল হাতে থাকতেই ৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
ওপেনার শামিমা সুলতানা সর্বোচ্চ ২০ রান করেন। শারমিন সুলতানা যোগ করেন ১৮ রান। ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ১৪ রান, সাদিয়া আক্তার করেন ১০। তবে কেউই ইনিংস বড় করতে না পারায় শিরোপার স্বপ্ন ভেঙে যায়।
ভারতের হয়ে প্রেমা রাওয়াট তিনটি উইকেট নেন। সোনিয়া ও তানুজা দুটি করে উইকেট তুলে নেন।
এই জয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ রাইজিং স্টারসের শিরোপা জিতলো ভারত। আর সম্ভাবনা জাগিয়েও শেষ হাসি হাসতে পারলো না বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।