অবশেষে ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল-
ডেস্ক রিপোর্ট:
জ্বালানি সংকট মোকাবিলা এবং দেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে আসছে। ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ইতিমধ্যে এই ডিজেল পাঠানো শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যেই তেল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
জ্বালানি মজুত স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে সময় ও পরিবহন ব্যয় উভয়ই কম হয়।
এদিকে বাংলাদেশ সরকার আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাবও দিয়েছে। এ বিষয়ে রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আসামের নুমালিগড় রিফাইনারি থেকে মোট ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তি রয়েছে। এই আমদানিতে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা ব্যয় হওয়ার কথা। এর একটি অংশ বহন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাকি অর্থ ব্যাংকঋণের মাধ্যমে জোগান দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের কারণে কিছু সময়ের জন্য সরবরাহ কার্যক্রম বন্ধ ছিল বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়েছে।
সরকারি সূত্র বলছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের আমদানি কার্যক্রম অব্যাহত রাখা হবে।
