আমেরিকার ৩ কোটি ডলারের ড্রোন ভূপাতিত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
ডেস্ক রিপোর্ট, ঢাকা
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের আকাশে আজ মঙ্গলবার ভোরে একটি অত্যাধুনিক মার্কিন-ইসরায়েলি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে, ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল এবং এটি ‘আগ্রাসী শত্রু’-এর সম্পদ হিসেবে বিবেচিত।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি নজরদারি এবং নিখুঁত হামলার জন্য পরিচিত বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরান এ পর্যন্ত মোট ১৪৬টি শত্রু ড্রোন ধ্বংস করেছে। প্রতিটি এমকিউ-৯ রিপারের নির্মাণ খরচ প্রায় ৩ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকার বেশি)।
সরাসরি হামলার ঘটনায় ইরানের মারকাজি প্রদেশের মাহাল্লাত শহরে অন্তত ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। হামলায় তিনটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় জঞ্জান শহরের ‘আজম হুসাইনিয়া’ ধর্মীয় কেন্দ্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে।
ইরানি সামরিক কমান্ড জানিয়েছে, তাদের আকাশসীমা রক্ষায় তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং প্রতিটি হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তেহরান ও ইসফাহানসহ বিভিন্ন কৌশলগত স্থানে হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আরও বেড়েছে।
