মধ্যপ্রাচ্যে উত্তেজনা: দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের-
ডেস্ক রিপোর্ট :
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কৌশলগত পররাষ্ট্র সম্পর্ক পরিষদের প্রধান কামাল খাররাজি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কূটনীতির সম্ভাবনা খুবই কম এবং ইরান যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।
এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আলোচনার সময়ই ইরানের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি বাড়ছে, যা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর জবাবে ইরান ইসরায়েল-অধিকৃত অঞ্চল এবং পারস্য উপসাগরের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। তিনি দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই তেলের দাম দ্রুত বেড়ে গেছে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, যদি সংঘাত আরও বিস্তৃত হয় এবং ইরানের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির ওপর এর গভীর প্রভাব পড়তে পারে।
