: আটক ট্যাংকার ইস্যুতে ইরান-ভারত টানাপোড়েন, হরমুজে যাতায়াত নিয়ে দর-কষাকষি
ডেস্ক রিপোর্ট :
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে ইরান ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ইরান জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ভারতের হাতে আটক তিনটি ট্যাংকার মুক্তি দিলে ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের সুযোগ দেওয়া হবে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, এই বিষয়ে উভয় দেশের মধ্যে পরোক্ষ দর-কষাকষি চলছে। ইরান শুধু ট্যাংকার ফেরতই নয়, কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবিও জানিয়েছে। এ নিয়ে নয়াদিল্লিতে ইরানি রাষ্ট্রদূত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।
গত ১৫ ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড অ্যাসফল্ট স্টার, আল জাফজিয়া ও স্টেলার রুবি নামের তিনটি ট্যাংকার আটক করে। অভিযোগ রয়েছে, জাহাজগুলো পরিচয় গোপন করে সমুদ্রে অবৈধভাবে জ্বালানি স্থানান্তর করছিল। বর্তমানে জাহাজগুলো মুম্বাই উপকূলে নোঙর করা আছে।
এদিকে ইরান-সংকটের কারণে হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজ চলাচল অনেকটাই ব্যাহত হয়েছে। এতে দেশটির জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে, কারণ ভারতের প্রায় ৯০ শতাংশ এলপিজি আমদানি এই অঞ্চল নির্ভর।
তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো কিছুর বিনিময়ে হরমুজ প্রণালি ব্যবহারের সুযোগ নেওয়ার দাবি সঠিক নয়। উত্তেজনার মধ্যেও জাহাজ চলাচল দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের অংশ বলেই তারা দাবি করেছে।
