বাংলাদেশ সংবাদ সংস্থা-এর প্রতিবেদন- ভিআইপি প্রটোকল ছাড়ায় রাজধানীর সড়কে গতি বেড়েছে
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার সড়কে যানবাহনের গড় গতি বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা (ভিভিআইপি) ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার কারণে এ উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপিত এক পর্যালোচনা প্রতিবেদনের তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাম্প্রতিক ১৪ দিনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, রাজধানীতে যানবাহনের গড় গতি ৪ দশমিক ৫ কিলোমিটার থেকে বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে।
তিনি আরও জানান, আগে ভিভিআইপি প্রটোকলের কারণে বিভিন্ন সড়কে সাময়িক যানচলাচল বন্ধ থাকত। বর্তমানে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রটোকল সীমিত করেছেন এবং নিয়মিত ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন। তাঁর পদক্ষেপ অনুসরণ করে রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও একইভাবে চলাচল করছেন।
সংশ্লিষ্ট মহল বলছে, এ ধারা অব্যাহত থাকলে রাজধানীর যানজট নিরসনে আরও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে দীর্ঘমেয়াদে টেকসই উন্নতির জন্য সমন্বিত পরিকল্পনা ও কঠোর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
