বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টান্তমূলক উদ্যোগ, সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান-
বাসস,ঢাকা:
রাজধানীর সচিবালয়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার লক্ষ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজ দফতরে অপ্রয়োজনীয় লাইট বন্ধ করে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতরে এসে প্রথমেই কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন। পাশাপাশি এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।
শুধু নিজের কক্ষেই নয়, মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেও প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষের অর্ধেক লাইট বন্ধ করতে এবং এসির তাপমাত্রা কমিয়ে রাখতে নির্দেশ দেন। তাঁর এই উদ্যোগের পর প্রধানমন্ত্রীর দফতরের সব কক্ষেই তাৎক্ষণিকভাবে অপ্রয়োজনীয় লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়।
সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দফতর অবস্থিত। এখানেই মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রধানমন্ত্রী এ সময় সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দিনের বেলা অপ্রয়োজনীয় লাইট ব্যবহার না করে অফিস বা বাসা-বাড়ির জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করা উচিত। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং দেশের জ্বালানি ব্যবস্থাপনার ওপর চাপও কমবে।
তিনি দেশের সব মন্ত্রণালয়, সরকারি অফিস-আদালত, বেসরকারি প্রতিষ্ঠান, শপিংমল ও বিপণিবিতানসহ সকল প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
