১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি, তেলের দাম বাড়বে না
নিজস্ব প্রতিবেদক: ঢাকা
ঈদুল ফিতরকে সামনে রেখে ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, জ্বালানিমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে ঈদযাত্রার সময় জ্বালানির কোনো সংকট হবে না। ফলে জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার আশঙ্কাও নেই।
তিনি জানান, ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক রয়েছে। অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময় ব্যাপক চাপ থাকলেও যাত্রীরা ন্যায্যভাবে টিকিট পেয়েছেন। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করলেও রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।
রেলমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত কোচ ও বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রায় ১২৪টি কোচ চালু রয়েছে এবং মিটারগেজ ও ব্রডগেজ লাইনে বিশেষ ট্রেনও চলবে। এতে প্রতিদিন প্রায় ৩৬ থেকে ৪২ হাজার যাত্রী সেবা পাবেন।
তিনি আরও বলেন, ঈদের সময় অল্প কয়েক দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বড় একটি চ্যালেঞ্জ। তবে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
মন্ত্রী যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, কোনো সাময়িক সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।
