যে শর্তে মোহন রায়হান বাংলা একাডেমি পুরস্কার নিতে রাজি-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০১ March ২০২৬, ০৫:১৭ PM | পঠিত: ১২ বার

নিজস্ব প্রতিবেদক :
অবশেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কবি  মোহন রায়হান। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
কবি বলেন, পুরস্কার গ্রহণের আগে তিনি সরকারের কাছে একটি বিষয় স্পষ্ট করেছিলেন—কলমের স্বাধীনতা ও কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে আশ্বাস দিয়েছেন যে, ভালো কাজে উৎসাহ দেওয়া হবে এবং ভুল হলে সমালোচনার সুযোগ থাকবে। এই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেই তিনি পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তবে পুরস্কারের অর্থ তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না। তাঁর আহ্বান, অর্থটি যেন কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে ব্যয় করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক থাকতে পারে। তবু তিনি বিশ্বাস করেন, বিভাজনের চেয়ে ঐক্য এবং প্রতিহিংসার চেয়ে প্রজ্ঞাই দেশের জন্য কল্যাণকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে তিনি পুরস্কার গ্রহণ করছেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর জন্য মোট নয়জন মনোনীত হন। অন্যদের পুরস্কার প্রদান করা হলেও অভিযোগের কারণে প্রথমে মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। পরে জানানো হয়, ২ মার্চ বাংলা একাডেমি-তে তাঁকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
কবি অনুরোধ জানিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর হাত থেকেই যেন তিনি এ সম্মাননা গ্রহণ করতে পারেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।