ত্রিশালে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স গড়ার উদ্যোগ, সেনাপ্রধানের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : ঢাকা
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা বাড়াতে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিওএর সভাপতি হিসেবে সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলা গেলে দেশেই বড় প্রতিযোগিতা আয়োজন সম্ভব হবে এবং তরুণ ক্রীড়াবিদরা উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবে। তিনি ক্রীড়া খাতের অগ্রগতিতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের ক্রীড়া খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। ইফতার মাহফিলে বিওএর কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরা ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
