দায়িত্ব নিলেন র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব
বাসস, ঢাকা :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সের ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশ। আজ শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৬ মার্চ তাঁকে র্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেয় সরকার।
মো. আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি), এবং রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলা।
এছাড়াও তিনি পিবিআই হেডকোয়ার্টার্সে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন। পদোন্নতির মাধ্যমে তিনি রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিকভাবে, তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের অনন্য সেবার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকেও ভূষিত হয়েছেন।
মো. আহসান হাবীব পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
