দাম বাড়ার চাপেও অপরিবর্তিত জ্বালানি তেলের মূল্য

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ৩১ March ২০২৬, ০৬:৫৯ PM | পঠিত: ১৫ বার

নিজস্ব প্রতিবেদক :
আমদানি ও উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং সরবরাহ সংকটের চাপ থাকা সত্ত্বেও এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার জ্বালানি বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যানকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভোক্তাপর্যায়ে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা বহাল থাকবে। নতুন এই দাম ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
এর আগে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ভিত্তিতে দাম সমন্বয়ের প্রস্তাব মন্ত্রণালয়ে জমা পড়েছে এবং বিস্তারিত বিশ্লেষণ শেষে সরকারের কাছে সুপারিশ দেওয়া হবে।
এদিকে জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ফেব্রুয়ারির তুলনায় মার্চে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম প্রায় ৯৮ শতাংশ এবং অকটেনের দাম ২৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবুও জনগণের স্বার্থে সরকার বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে।
তিনি জানান, মার্চ থেকে জুন প্রান্তিকে ডিজেলে ১৫ হাজার ৪০৯ কোটি টাকা এবং অকটেনে ৬৩৬ কোটি টাকা—মোট ১৬ হাজার ৪৫ কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হবে। পাশাপাশি এলএনজি আমদানির জন্য এপ্রিল-জুন সময়ে আরও ১৫ হাজার ৭৭ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।
সরকারের এ সিদ্ধান্তে আপাতত জ্বালানি বাজারে স্বস্তি বজায় থাকলেও ভবিষ্যতে আন্তর্জাতিক দামের ওপর নির্ভর করে নতুন সমন্বয়ের সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।