হামজাকে ঘিরে আশাবাদী বাংলাদেশ- ২৫ বছর পর ভিয়েতনামের মুখোমুখি

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৬ March ২০২৬, ১১:৫৭ AM | পঠিত: ৩০ বার

ক্রীড়া ডেস্ক :
দীর্ঘ ২৫ বছর পর আবারও ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর এই ম্যাচকে ঘিরে সবচেয়ে বড় আলোচনায় আছেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী।
সর্বশেষ ২০০২ বিশ্বকাপ বাছাইপর্বে ভিয়েতনামের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। তখন দলের কোচ ছিলেন জর্জ কোটান এবং গোলরক্ষক হিসেবে আলোচনায় ছিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথম লেগে গোলশূন্য ড্র করলেও ফিরতি লেগে ৪-০ গোলে হেরে যায় বাংলাদেশ।
এবার হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বাংলাদেশ। প্রীতি ম্যাচ হলেও এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে দলটি।
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, “ম্যাচ কঠিন হবে, তবে আমরা উন্নতি করছি। ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য আমাদের আছে।”
একই কথা জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তাঁর মতে, “ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা এখন সময়োপযোগী। এতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি আরও ভালো হবে।”
তবে বাংলাদেশ দল পাচ্ছে না অভিজ্ঞ দুই ফুটবলার তপু বর্মণ ও রাকিব হোসেনকে। শাস্তির কারণে তারা এই ম্যাচে খেলতে পারছেন না। অন্যদিকে দলে ফিরেছেন উইঙ্গার ফাহমিদুল ইসলাম।
সবচেয়ে বড় অনিশ্চয়তা ঘিরে রয়েছে হামজা চৌধুরীকে। লেস্টার সিটির হয়ে খেলার কারণে সময়মতো দলে যোগ দিতে পারেননি তিনি। ২২ মার্চ ভিয়েতনামে যাওয়ার কথা থাকলেও পরশু দলে যোগ দেন এই মিডফিল্ডার।
কোচ কাবরেরা জানিয়েছেন, “হামজা সদ্য দলে যোগ দিয়েছে, তাই তাকে নিয়ে আমরা ধীরে এগোচ্ছি। সে আজ খেলবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।”
হামজা খেলবেন কি না, নাকি কিছু সময়ের জন্য মাঠে নামবেন—তা জানা যাবে ম্যাচের সময়ই।
এই ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানোই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।