ইরানের হামলায় কুয়েতে বিদ্যুৎ ও পানি প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত, নিহত ১

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ৩০ March ২০২৬, ১০:২৪ AM | পঠিত: ৯ বার

ডেস্ক রিপোর্ট :
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।
কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, ‘কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানি আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ প্ল্যান্টের সার্ভিস ভবনে হামলা চালানো হয়েছে।’ এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন শ্রমিক নিহত হয়েছেন।
হামলার পরপরই প্রযুক্তিগত ও জরুরি সাড়া দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে তারা কাজ করছে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার প্রেক্ষাপটে গত এক মাসের বেশি সময় ধরে কুয়েতে একাধিক হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনায় কুয়েতের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করা হয়েছে এবং একটি সামরিক শিবিরেও হামলা চালানো হয়, যেখানে কয়েকজন সেনাসদস্য আহত হয়েছেন।
এদিকে চলমান সংঘাতের জেরে গোটা অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইতোমধ্যে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
বিশ্লেষকদের মতে, এই সংঘাতের প্রভাব শুধু নিরাপত্তা নয়, জ্বালানি ও অর্থনীতিতেও পড়ছে। হরমুজ প্রণালিতে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়াচ্ছে।
সাম্প্রতিক পরিস্থিতি মধ্যপ্রাচ্যের মতো পানি সংকটপূর্ণ অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ঝুঁকিও সামনে এনে দিয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সংঘাত অব্যাহত থাকলে মানবিক ও অর্থনৈতিক সংকট আরও তীব্র হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।