ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার
ডেস্ক রিপোর্ট:
ইরান এর ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল এর গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ হাইফা শহরের ওই শোধনাগারে পড়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র জানায়, শোধনাগার থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর ও মধ্য ইসরায়েলসহ জেরুজালেম এলাকায় সাইরেন বাজার পরপরই হামলার ঘটনা ঘটে। এখনো হতাহতের বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এর আগে, গত বছর ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১২ দিনের সংঘাতের সময়ও হাইফার এই শোধনাগার লক্ষ্যবস্তু হয়েছিল।
এদিকে, কুয়েত এর দক্ষিণাঞ্চলে অবস্থিত মিনা আবদুল্লাহ শোধনাগারে ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (KPC) জানিয়েছে, একটি অপারেশনাল ইউনিটে আঘাত হানার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এর আগেও মিনা আল আহমাদি শোধনাগারে একই ধরনের হামলা হয়েছিল, যদিও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, ইসরায়েল বুধবার ভোরে ইরান এর সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। বিশ্বের বৃহত্তম এই গ্যাসক্ষেত্রের একটি অংশ কাতার এর অন্তর্ভুক্ত।
এর জবাবে ইরান পাল্টা হামলা চালিয়ে সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত এর জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। এতে কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশেও আগুন লাগে।
বিশ্লেষকদের মতে, কয়েকদিন ধরে চলা এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে “জ্বালানি যুদ্ধ”-এর আশঙ্কা বাড়িয়ে তুলছে, যা বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
