ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০২ March ২০২৬, ০৪:০৩ PM | পঠিত: ১১ বার

নিউজ ডেস্ক :
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোকে সংযত থাকার বার্তা দিয়েছে সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক নেতাদের সঙ্গে যোগাযোগ করে এমন কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ জানিয়েছেন, যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীগুলোর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে।
উপসাগরীয় কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, শনিবার বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়। এর আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরব উপদ্বীপজুড়ে ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। সূত্রগুলো বলছে, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানের প্রতিক্রিয়া প্রত্যাশার তুলনায় কম তীব্র ছিল। তাই সরাসরি কোনো সামরিক জড়িত হওয়া থেকে বিরত থাকাই হবে বিচক্ষণ সিদ্ধান্ত।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ আঞ্চলিক সমকক্ষদের সঙ্গে ফোনালাপে উত্তেজনা প্রশমন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয় দেশের ঐক্যবদ্ধ পররাষ্ট্রনীতির ওপর জোর দেন। লক্ষ্য ছিল—কোনো দেশ যেন আলাদা অবস্থান না নেয় এবং পরিস্থিতি আরও জটিল না করে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু  দীর্ঘদিন ধরে ইরানকে তার দেশের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে আসছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে ফেরার পর ইরান ইস্যুতে কূটনৈতিক ও সামরিক তৎপরতা আরও জোরদার হয় বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত।
কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার আগে রিয়াদকে অবহিত করা হলেও, সৌদি আরব প্রকাশ্যে বিরোধিতায় যায়নি। তবে হামলার ধরন ও সময় নিয়ে সৌদি নেতৃত্বের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের আশঙ্কা, উত্তেজনা বাড়লে ইয়েমেনের হুতি গোষ্ঠীসহ ইরান-সমর্থিত শক্তিগুলো সক্রিয় হয়ে পুরো অঞ্চলকে সংঘাতে জড়িয়ে ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব প্রকাশ্য সামরিক অবস্থানের বদলে ‘শীতল কূটনীতি’র পথ বেছে নিয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংলাপ ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।