জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৮ February ২০২৬, ১২:৩৮ PM | পঠিত: ১৩ বার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, “স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। তদন্ত হয়েছে, প্রয়োজনে পুনরায়ও হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়গুলো পরিচালিত হবে।”
মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হলো এসব প্রতিষ্ঠান পুনর্গঠন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।
তিনি ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তাদের ভোটের কারণে আমি আজ মন্ত্রী হতে পেরেছি। তাই আমি তাদের কাছে ঋণী।”
এ সময় জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।