জুনেই এইচএসসি পরীক্ষা? অভিন্ন প্রশ্নে বড় পরিবর্তনের পথে শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুন মাসের প্রথমার্ধে আয়োজনের পরিকল্পনা করছে দেশের শিক্ষা বোর্ডগুলো। একই সঙ্গে, এবার দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও সামনে এসেছে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক বৈঠকে সম্ভাব্য সময়সূচি ও পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির জানান, জুন মাসে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা বোর্ডগুলো তাদের প্রস্তাবিত সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
একই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, ৭ জুন থেকে পরীক্ষা শুরুর একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, তবে এটি এখনো চূড়ান্ত নয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এই পদ্ধতি চালু রয়েছে। ফলে এবার মোট ১১টি শিক্ষা বোর্ডেই একযোগে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, অভিন্ন প্রশ্নপত্র চালু হলে প্রশ্নফাঁস ও বৈষম্য কমবে এবং মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছতা বাড়বে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন সবাই তাকিয়ে আছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের দিকে।
