নাহিদের আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এ আসনে জয়ী হয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম আদালতের দ্বারস্থ হন।
এর আগে বিভিন্ন আসনের ৩০টিরও বেশি নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন প্রার্থীরা। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে দায়ের করা এসব আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।
