নেপালে শিক্ষাব্যবস্থায় বড় সংস্কার: ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ৩০ March ২০২৬, ১০:২১ AM | পঠিত: ২৪ বার

ডেস্ক রিপোর্ট :
নেপালের নবগঠিত সরকার শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন সরকার প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০০ দফার একটি সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, যার বড় অংশ জুড়ে রয়েছে শিক্ষা খাত।
 শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় ছাত্রসংগঠন নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব সংগঠন ক্যাম্পাস থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে।
এ ছাড়া প্রশাসনকে নিরপেক্ষ রাখতে সরকারি কর্মচারী ও শিক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততাও নিষিদ্ধ করা হয়েছে এবং দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষাব্যবস্থায় পরিবর্তন
শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত পরীক্ষা বাতিল করা হয়েছে। নতুন ব্যবস্থায় বিকল্প ও মনস্তাত্ত্বিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি নিরূপণ করা হবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে দীর্ঘদিনের সেশনজট কমাতে শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে ফল প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।
 প্রতিষ্ঠানের নাম পরিবর্তন
জাতীয় পরিচয় জোরদার করতে বিদেশি নামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। ‘অক্সফোর্ড’, ‘পেন্টাগন’ বা ‘সেন্ট জেভিয়ার্স’-এর মতো বিদেশি নামধারী প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরের মধ্যেই নেপালি নাম গ্রহণ করতে হবে।
ভর্তিতে শিথিলতা ও বিকেন্দ্রীকরণ
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে নাগরিকত্ব সনদের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষকদের পেনশন ও রেকর্ড ব্যবস্থাপনাকে আগামী অর্থবছর থেকে প্রাদেশিক পর্যায়ে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারের লক্ষ্য
সরকারের দাবি, এসব সংস্কারের মূল উদ্দেশ্য শিক্ষাকে আরও শিক্ষার্থী-বান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও গবেষণাধর্মী করে তোলা। একই সঙ্গে শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব কমিয়ে শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর তুলে ধরাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।