প্রযুক্তি বিনিময় ও ডিজিটাল সেবায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ–ভুটান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রযুক্তি বিনিময় এবং ডিজিটাল সেবা উন্নয়নে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভুটান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি-এর সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে দুই পক্ষ একমত হয়।
মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চলমান অগ্রগতি, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষ প্রযুক্তি বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।
সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, ভুটান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং এবং বাণিজ্য বিষয়ক কাউন্সিলর দাবা শেরিং উপস্থিত ছিলেন।
