পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের, বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৭ March ২০২৬, ০৬:১৮ PM | পঠিত: ১৫ বার

ডেস্ক রিপোর্ট :
আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নিয়ন্ত্রিত তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ আভাস পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারে প্রত্যাশিত সুবিধা না পাওয়ায় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা Nuclear Non-Proliferation Treaty (এনপিটি) থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
তেহরানের অভিযোগ, এই চুক্তি তাদের জন্য সুফল বয়ে আনেনি; বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর গোয়েন্দা তৎপরতার হাতিয়ারে পরিণত হয়েছে।
এনপিটির মূল লক্ষ্য দেশগুলোকে শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি উৎপাদনে সহায়তা করা হলেও ইরানের দাবি, তাদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হয়নি। তারা আরও উল্লেখ করে, ইসরায়েল কখনো এই চুক্তির সদস্য না হলেও আন্তর্জাতিক চাপের মুখে পড়েনি।
এছাড়া, জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা Joint Comprehensive Plan of Action (জেসিপিওএ) অনুযায়ী অতিরিক্ত তদারকি মেনে নেওয়ার পরও ইরান কাঙ্ক্ষিত সুবিধা পায়নি বলে দাবি করেছে।
ইরানের অভিযোগ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা International Atomic Energy Agency (আইএইএ)-এর তথ্য ব্যবহার করে তাদের স্থাপনাগুলোতে নাশকতা ও হামলা চালানো হয়েছে।
সংস্থাটির মহাপরিচালক Rafael Grossi-এর সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র সমালোচনা করেছে তেহরান। ইরানের দাবি, তার বক্তব্য পরোক্ষভাবে দেশটির ওপর হামলাকে উৎসাহিত করেছে, যা ‘লজ্জাজনক’ ও ‘নির্মম’।
বিশ্লেষকদের মতে, ইরান যদি এনপিটি থেকে সরে দাঁড়ায়, তবে তা মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।