রেকর্ড গড়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত, নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৯ March ২০২৬, ১১:১৫ AM | পঠিত: ১৯ বার

ক্রীড়া ডেস্ক :
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের মতো এবার আর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম নীরব হয়ে যায়নি। সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হারিয়ে হতাশ হয়েছিল স্বাগতিক ভারত। তবে এবার সেই একই মাঠে ইতিহাস গড়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতল ভারতীয় সমর্থকেরা।
ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। এই জয়ের মাধ্যমে রেকর্ড তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে দলটি। এর আগে কোনো দল এই সংস্করণের বিশ্বকাপ তিনবার জিততে পারেনি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দুটি করে শিরোপা জিতেছিল। এবার তাদের ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল ভারত। পাশাপাশি টানা দুইবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তিও গড়েছে তারা। স্বাগতিক দেশ হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজিরও স্থাপন করল ভারত।
ফাইনালে টস জিতেছিল নিউজিল্যান্ড। তবে ম্যাচের বাকি সময়টা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে ভারত। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে তারা।
দলের পক্ষে দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার সঞ্জু স্যামসন। টানা তৃতীয় ফিফটি করতে গিয়ে তিনি ৪৬ বলে করেন ৮৯ রান। এছাড়া ইশান কিষান করেন ৫৪ রান এবং অভিষেক শর্মা করেন ৫২ রান। নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম ৪৬ রান দিয়ে নেন ৩ উইকেট।
২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ১৫৯ রানে। টিম শেইফার্ট ২৬ বলে ৫২ এবং অধিনায়ক মিচেল স্যান্টনার ৪৩ রান করলেও অন্য ব্যাটাররা দাঁড়াতে পারেননি।
ভারতের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন যশপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল। বুমরা ১৫ রান দিয়ে নেন ৪ উইকেট এবং প্যাটেল ২৭ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। তাদের দাপটেই সহজ জয় পায় ভারত এবং ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।