রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের ভোটে কোনো জোটে যাবেন না
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কোনো রাজনৈতিক জোট বা দলে যোগ দেবেন না। নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশন (ইসি) জানায়, সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছিল। এতে উল্লেখ করা হয়েছিল, সংরক্ষিত আসনে জোটগতভাবে প্রার্থী দেওয়া হবে কি না তা নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে।
রুমিন ফারহানা ইসিকে জানিয়েছেন, তিনি কোনো জোটে যুক্ত হবেন না। এর ফলে তিনি কেবল একজন ভোটার হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, কোনো নির্দিষ্ট জোট বা দলের প্রার্থী মনোনয়নে অংশ নেবেন না।
ইসি কর্মকর্তারা জানান, সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। আইন অনুযায়ী, সংসদে দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। যে দল বা জোটের সংসদে বেশি সদস্য আছে, তারা আনুপাতিক হারে বেশি সংরক্ষিত আসন পান।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী, স্বতন্ত্র সংসদ সদস্যরা চাইলে কোনো জোটে যোগ দিয়ে ভোট ওই জোটের অনুকূলে দিতে পারেন। কিন্তু রুমিন ফারহানা সেই সুযোগ না নিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
