সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয়: স্পিকার
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে জানিয়েছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার আহ্বান জানান।
রোববার জাতীয় সংসদ–এ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন। এ সময় মাসুদ বিন সাঈদী ও অলি উল্লাহ কাগজ দেখে বক্তব্য দিলে স্পিকার তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
স্পিকার মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ করে বলেন, ‘সংসদে দেখে দেখে পড়া অনুমোদিত নয়। আপনি নোট রাখতে পারেন, তবে মাঝে মাঝে কাগজে তাকিয়ে আবার হাউসের দিকে তাকিয়ে বক্তব্য দিতে হবে। এটাই সংসদের রেওয়াজ।’
অলি উল্লাহকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো কাগজ দেখে বক্তব্য দিয়েছেন। সংসদে এটি অনুমোদিত নয়। না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করা উচিত।’
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নিতে হয়।
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী তাঁর বক্তব্যে বলেন, এলাকার জনগণ যে আস্থা রেখে তাকে নির্বাচিত করেছে, তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। তিনি তাঁর পিতা দেলাওয়ার হোসাইন সাঈদী–এর আদর্শ অনুসরণ করে উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারও ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণআন্দোলনের শহীদদেরও স্মরণ করেন এবং দেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
