স্পেনের ঘাঁটি না দেওয়ায় ট্রাম্পের ক্ষোভ, ‘যুদ্ধ চাই না’ বললেন সানচেজ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৪ March ২০২৬, ০৭:৩৭ PM | পঠিত: ৩৩ বার

ডেস্ক রিপোর্ট :
ইরানে সামরিক হামলার জন্য ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানানোর পর স্পেনের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছেন। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর দেশ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়াবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian-এর এক প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে সোচ্চার নেতাদের একজন সানচেজ। ইরান ইস্যুতেও তাঁর সরকারের অবস্থান তিন শব্দে—‘যুদ্ধ চাই না’।
সানচেজ বলেছেন, স্পেন এমন কোনো পদক্ষেপে যুক্ত হবে না, যা বিশ্বের জন্য খারাপ কিছু ডেকে আনতে পারে। তাঁর ভাষায়, “এটি আমাদের মূল্যবোধ এবং জাতীয় স্বার্থের পরিপন্থী।” তিনি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনাকে “লাখ লাখ মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলা”-র সঙ্গে তুলনা করেন।
এর আগে হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিখ মার্জ-এর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প স্পেনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “স্পেন খুব খারাপ আচরণ করেছে।” একই সঙ্গে তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন বলেও জানান।
পরদিন এক ভাষণে সানচেজ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান—তিন পক্ষকেই দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “খুব দেরি হওয়ার আগেই যুদ্ধ থামাতে হবে। না হলে মানবতার জন্য মহাবিপর্যয় নেমে আসতে পারে।” তাঁর মতে, এ সংঘাত দীর্ঘায়িত হলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে।
২০০৩ সালের ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে সানচেজ বলেন, সে সময় স্পেনের তৎকালীন প্রধানমন্ত্রী হোসে মারিয়া আজনার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে সমর্থন দিয়েছিলেন। অভিযানের উদ্দেশ্য ছিল সাদ্দাম হোসেন-এর কথিত গণবিধ্বংসী অস্ত্র নির্মূল ও গণতন্ত্র প্রতিষ্ঠা। তবে সানচেজের দাবি, সেই যুদ্ধ ইউরোপে দীর্ঘমেয়াদি নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। স্পেনের অবস্থান ইউরোপীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, আর ওয়াশিংটনের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।