তদবিরের জন্য কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ-
নিজস্ব প্রতিবেদক : ঢাকা
অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার পুলিশ সদর দপ্তর থেকে আইজিপির স্বাক্ষরে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের কিছু সদস্য অফিস চলাকালে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। বিষয়টি সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজেও বিঘ্ন ঘটছে। তাই এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে অপ্রয়োজনীয় তদবিরের জন্য মন্ত্রণালয়ে যাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, অফিস চলাকালে অনুমতি ছাড়া নিজ দপ্তর ছেড়ে মন্ত্রণালয় বা অন্য গুরুত্বপূর্ণ দপ্তরে অবস্থান করা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। বিষয়টি আগেও জানানো হয়েছিল, এবার আবারও তা স্মরণ করিয়ে দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও নির্ধারিত নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
