আইনশৃঙ্খলা জোরদারে সব বাহিনীর প্রধানদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

HURMAT ALI বাংলাদেশ
প্রকাশ: ২৩ February ২০২৬, ১২:৫৫ PM | পঠিত: ৮১ বার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রীর সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ায় শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা জোরদার, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন কার্যক্রম এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো, গোয়েন্দা তৎপরতা জোরদার, প্রযুক্তিনির্ভর নজরদারি শক্তিশালী করা এবং কারাগার ব্যবস্থাপনার সাম্প্রতিক অবস্থা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
উচ্চপর্যায়ের এ বৈঠকে উপস্থিত ছিলেন— বাহারুল আলম (পুলিশ মহাপরিদর্শক), শেখ সাজ্জাদ আলী (ডিএমপি কমিশনার), মো. গোলাম রসুল (এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক), এ কে এম শহিদুর রহমান (র‌্যাবের মহাপরিচালক), মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী (বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক), দেলোয়ার হোসেন (ভারপ্রাপ্ত সচিব) প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী ও সংস্থার প্রধানরা। বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।