আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর- আমিনুল ইসলাম

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৩ February ২০২৬, ১২:৩২ PM | পঠিত: ১৩ বার

বা নি ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে সরকার। তাঁর স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার স্বার্থে আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন বিএনপি সরকার সেই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়।
নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পাওয়া আমিনুল ইসলামও সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী। ট্রাইব্যুনালে বিচারাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনায় তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের গুরুত্বপূর্ণ একটি বিচারিক প্রতিষ্ঠান। এ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন গুরুতর অভিযোগের বিচার কার্যক্রম পরিচালিত হয়। নতুন নিয়োগের ফলে ট্রাইব্যুনালের চলমান কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে, তা সময়ই বলে দেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।