ইরানে হামলার গুঞ্জন- ট্রাম্পকে সতর্ক করলেন শীর্ষ জেনারেল
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আরব সাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনী প্রস্তুত রয়েছে—প্রেসিডেন্টের নির্দেশ পেলেই যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে এগিয়ে যাবে বলে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে দাবি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট Donald Trump–কে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বহুমুখী ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তার মতে, এ ধরনের হামলা যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে ফেলতে পারে।
The Washington Post–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ঘাটতি এবং মিত্রদের সমর্থনের অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেনারেল কেইন। এতে মার্কিন সেনাদের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইভাবে The Wall Street Journal জানিয়েছে, পেন্টাগনের কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন ও মিত্র বাহিনীর ক্ষয়ক্ষতি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ নিয়ে সতর্ক অবস্থানে আছেন।
বিশেষজ্ঞদের মতে, ইরানের অভ্যন্তরে হামলা চালানো হলে তা দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যা মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা সৃষ্টি করবে।
তবে এসব প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি দাবি করেন, জেনারেল কেইন ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিপক্ষে—এমন তথ্য ‘সম্পূর্ণ ভুল’। পাশাপাশি তিনি সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ তোলেন।
এদিকে চলমান পরমাণু আলোচনা নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কোনো চুক্তি না হলে ইরান ও দেশটির জনগণের জন্য ‘খুবই খারাপ দিন’ অপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি।
পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন দেখার বিষয়। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধানই এ সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ।
সূত্র - প্রেস টিভি
