জাতিসংঘে ভেনেজুয়েলার আবেদন: প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অবিলম্বে মুক্তি দাবি
আন্তর্জাতিক ডেস্ক :
ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে জানানো হয়েছে, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।
এর আগে গত জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনী মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে বলে অভিযোগ তোলে কারাকাস। ভেনেজুয়েলা সরকার এই ঘটনাকে ‘অবৈধ অপহরণ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেনেভা-তে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস-এর অবিলম্বে মুক্তি দাবি করেন। বর্তমানে তারা নিউইয়র্কে বিচারাধীন অবস্থায় বন্দি রয়েছেন বলে জানানো হয়েছে।
মাদুরো যুক্তরাষ্ট্রের আনা মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ অস্বীকার করে নিজেকে ‘যুদ্ধবন্দি’ হিসেবে উল্লেখ করেছেন।
ভেনেজুয়েলার অভিযোগ, মাদক ও অস্ত্র পাচারকারী চক্র পরিচালনার অজুহাতে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মাদুরোকে আটক করে নিউইয়র্কের একটি কারাগারে নেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী গিল বলেন, ৩ জানুয়ারির ঘটনায় এক চরম সংকটের সৃষ্টি হয়েছে। তিনি মার্কিন বাহিনীর অভিযানে শতাধিক মানুষের মৃত্যুর অভিযোগও তুলে ধরেন।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর প্রযুক্তিগত ও সামরিক বৈষম্য থাকা সত্ত্বেও কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায় কারাকাস।
এদিকে, ১৯ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার আইনসভায় সর্বসম্মতিক্রমে একটি নতুন সাধারণ ক্ষমা আইন পাস হয়েছে বলে জানান গিল। সরকারের পক্ষ থেকে অতীতের ক্ষত স্বীকার, ক্ষমা ও পুনর্মিলনের প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার কথাও তুলে ধরা হয়।
