নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন মো. আলী হোসেন ফকির-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৪ February ২০২৬, ০৭:২৭ PM | পঠিত: ১৪ বার

নিজস্ব প্রতিবেদক 
 

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে নতুন নেতৃত্ব আসলো। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিআইজি এসপিবিএন হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার, নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার, সিলেটের আরআরএফ কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক পরিসরেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশিক্ষণ ও সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। ব্যক্তিগত জীবনে তাঁর সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।