প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৩ February ২০২৬, ০২:০০ PM | পঠিত: ৭৩ বার

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় চীন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও উন্নয়ন প্রচেষ্টায় বেইজিং সবসময় পাশে থাকবে। পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও, বাংলাদেশের নতুন সরকারের অবস্থান নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
এ সময় আঞ্চলিক ভূরাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, চীন এ অঞ্চলের সব দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়। যুক্তরাষ্ট্রের চীনবিরোধী প্রচেষ্টার ইঙ্গিত দিয়ে তিনি তৃতীয় দেশের হস্তক্ষেপের সমালোচনা করেন। তার ভাষ্য, সহযোগিতার পরিবেশ নষ্ট করে এমন কোনো প্রতিযোগিতামূলক রাজনীতি এই অঞ্চলের জন্য মঙ্গলজনক নয়।
বৈঠকে বাংলাদেশ-চীন বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, তিস্তা প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে চীনের গঠনমূলক ভূমিকার কথাও উঠে আসে।
চীন জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে কাজ করতে তারা আগ্রহী। দুই দেশের কৌশলগত সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।