মহান মুক্তিযুদ্ধই স্বাধীনতার ভিত্তি : নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে - মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
গাজী তুষার আহমেদ
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি—এটি কোনো সাধারণ রাজনৈতিক আন্দোলন নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, রক্ত ও অগ্নিপরীক্ষার ইতিহাস।
মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার ও ইতিহাস বিকৃতির কারণে নতুন প্রজন্ম সঠিক তথ্য থেকে বঞ্চিত হচ্ছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মদান, অসংখ্য মা-বোনের ত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের সীমাহীন সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, লাল-সবুজের পতাকা এবং প্রিয় দেশমাতৃকার পরিচয়। “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”—এই অমর সংগীত আমাদের স্বাধীনতার চেতনারই প্রতীক।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতিহাস বিকৃত হলে জাতির ভবিষ্যৎ বিভ্রান্ত হয়। তাই তরুণ প্রজন্মের কাছে সত্য ইতিহাস পৌঁছে দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জামুকার সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা একমত পোষণ করেন যে, মুক্তিযুদ্ধের চেতনা শুধু স্মৃতিচারণ নয়—এটি দেশপ্রেম, ন্যায় ও মানবিকতার আদর্শ। নতুন প্রজন্মকে এই চেতনায় উদ্বুদ্ধ করলেই স্বাধীনতার অর্জন সুরক্ষিত থাকবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়ন ও মর্যাদার পথে।
