স্বামীবাগে ডিএনসি কর্মকর্তাকে গুলি: চারজন গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৪ March ২০২৬, ০৩:১৫ PM | পঠিত: ১৬ বার

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ওয়ারীর স্বামীবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে গুলি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক পরিদর্শককে আহত করার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক সায়েম এবং সোলায়মান হোসেন চৌধুরী। তাদের কাছ থেকে দুটি পিস্তল, একটি রিভলবার, ২৩টি গুলি, পাঁচটি গুলির খোসা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।
তিনি বলেন, গত ২ মার্চ বেলা ১২টার দিকে স্বামীবাগের সায়েদাবাদ রেলগেট এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের একপর্যায়ে অজ্ঞাতনামা ৩-৪ জন দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার পায়ে লাগলে তিনি আহত হন। পরে দুষ্কৃতকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ডিসি সামী জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা একটি রিভলবার ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিভর্তি রিভলবার ও পাঁচটি খোসা উদ্ধার করা হয়। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় আরও একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি।
এর সূত্র ধরে পৃথক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও একটি পিস্তল ও তিনটি গুলি।
এ ঘটনায় ওয়ারী থানায় দুটি মামলা হয়েছে। এছাড়া আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।