চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় সন্ত্রাসী গ্রুপ চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের একটি গ্রুপকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রায় দুই মাস আগে একই গ্রুপ এক বড় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল। তখন পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে কয়েক সপ্তাহ পর পুনরায় হামলার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। ইতোমধ্যে সংশ্লিষ্ট গ্রুপকে শনাক্ত করা হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শনিবার সকালে চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে ভারী অস্ত্রসহ এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। ওই বাসায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান পরিবারসহ বসবাস করেন। এর আগে গত ২ জানুয়ারিও একই বাড়িতে হামলার ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং যেকোনো ঘটনায় দ্রুত তদন্ত করে আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার ও তদন্ত অগ্রগতিই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনী এখন আরও কঠোর ও সক্রিয় রয়েছে।
