‘দেশ গঠনের যুদ্ধেই নামতে হবে’—বাড়ি থেকে বেরিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক : ঢাকা
রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সচিবালয়ে যাওয়ার সময় সংক্ষিপ্ত এক মন্তব্যে সবার দৃষ্টি কাড়লেন তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয়ে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি হাসিমুখে বলেন, “চলেন যুদ্ধে যাই।”
রোববার (৮ মার্চ) সকাল ৮টা ৪২ মিনিটে তিনি বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে উপস্থিতরা প্রথমে কিছুটা বিস্মিত হলেও পরে বুঝতে পারেন, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ও প্রতিদিনের কর্মব্যস্ততাকে ‘যুদ্ধের’ সঙ্গে তুলনা করে কথাটি বলেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিনের মতোই নির্ধারিত সময়েই তিনি বাসভবন থেকে বের হন এবং সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সচিবালয়ে পৌঁছান।
আজকের কর্মসূচিতে শিক্ষা খাত ও বিনিয়োগসংক্রান্ত একাধিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে পৃথক বৈঠকের কথা রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিনের কর্মব্যস্ততা ও রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জকে সামনে রেখেই দেশ গঠনের সংগ্রামের কথা বোঝাতে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
