জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে আমদানিতে সম্মতি, প্রবাসী নিরাপত্তায় জোর
নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে সম্মতি পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো বাংলাদেশ কনস্যুলার অ্যাক্সেস পায়নি। তবে দ্রুতই এ অনুমতি পাওয়া যাবে বলে সরকার আশা করছে। একই সঙ্গে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরতদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সব মিশন সার্বক্ষণিক কাজ করছে। ইরানে অবস্থানরত ২ হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন। তারা দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শামা ওবায়েদ।
