বিচার বিভাগের স্বাধীনতায় জোর: সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি
নিজস্ব প্রতিবেদক :
সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ আইন হিসেবে পাস করার দাবি জানিয়েছে বিচারকদের সংগঠন ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম। একই সঙ্গে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করতে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের আহ্বানও জানানো হয়েছে।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের অন্যতম সমন্বয়ক মুহাম্মদ আলী তালহা।
বিবৃতিতে বলা হয়, বিচার বিভাগের স্বাধীনতা জনগণের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের মূল ভিত্তি। তাই নবগঠিত সরকারের উচিত দ্রুত এই অধ্যাদেশ সংসদে পাস করে কার্যকর পদক্ষেপ নেওয়া।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর জারি করা ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়ন করা হয় ঐতিহাসিক মাসদার হোসেন মামলা-এর রায়ের আলোকে। ওই রায়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও ২০০৭ সালে আংশিক বাস্তবায়ন হলেও অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এখনো পুরোপুরি পৃথক হয়নি।
বিচারকদের সংগঠনটি মনে করে, নতুন এই অধ্যাদেশ বিচার বিভাগের সেই অসম্পূর্ণ সংস্কারকে পূর্ণতা দিতে পারে। তারা আরও জানায়, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অঙ্গীকার এবং জাতীয় ঐকমত্য অনুযায়ী স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
বিবৃতিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিচার বিভাগের কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
