ফাগুনের শেষপ্রহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তিন অঞ্চলে সতর্ক সংকেত-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৯ March ২০২৬, ১১:১০ AM | পঠিত: ১৭ বার

নিজস্ব প্রতিবেদক :
ফাগুন মাসের শেষ সময়ে দেশের কয়েকটি অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার দুপুরের মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে বেলা ১টার মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাতেও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ দুপুরের মধ্যে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে মাঝে মাঝে বাতাসের গতি বেড়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি পরিবর্তনের সময় হওয়ায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও স্বল্পমেয়াদি বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে। এজন্য বিশেষ করে নদীবন্দর ও নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।